অভিনয় থেকে দীর্ঘ বিরতির জল্পনা, পরিবারের জন্য সময় দিতে চান বরুণ ধাওয়ান

Spread the love

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান নাকি অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে চলেছেন—এমন জল্পনাই এখন ঘুরছে বিনোদন দুনিয়ায়। কয়েক মাস আগে তাঁর ছবি ‘বর্ডার ২’ মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। ছবির গান প্রকাশের পর থেকেই নেটিজেনদের একাংশ তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং ট্রোলও শুরু হয়।

তবে ছবি মুক্তির পর পরিস্থিতি অনেকটাই বদলে যায়। বক্স অফিসে ভালো সাফল্য পায় ‘বর্ডার ২’, এবং অনেক দর্শকই বরুণের অভিনয় নিয়ে ইতিবাচক মত প্রকাশ করেন।

তারপরও হঠাৎ কেন অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত? সূত্রের খবর, ট্রোল বা সমালোচনা নয়—বরং ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিতে পারেন অভিনেতা। জানা যাচ্ছে, পরিবারকে সময় দিতেই দীর্ঘ বিরতি নিতে চান তিনি। বিশেষ করে তাঁর মেয়ে লারার সঙ্গে সময় কাটানোর ইচ্ছেই এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি বরুণ নিজে।

এদিকে খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে বরুণের নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। ছবিটি বড়পর্দায় আসবে আগামী ১২ জুন। আগে ৫ জুন মুক্তির কথা থাকলেও যশ অভিনীত ‘টক্সিক’ একই সময়ে মুক্তি পাওয়ার সম্ভাবনায় ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়।

ছবিটি পরিচালনা করেছেন বরুণের বাবা দেভিড ধাওয়ান। এতে বরুণের বিপরীতে দেখা যাবে ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়েকে। শোনা যাচ্ছে, এই ছবির মুক্তির পরই হয়তো দীর্ঘ বিরতিতে যাবেন অভিনেতা। তবে সব জল্পনার অবসান হবে তখনই, যখন নিজেই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মুখ খুলবেন বরুণ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *