রাত পোহালেই রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর সাক্ষী থাকবে বছরের অন্যতম চর্চিত তারকা বিয়ের। দীর্ঘ জল্পনার পর অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ঘনিষ্ঠ মহল ও অনুরাগীদের উচ্ছ্বাসে এখন তুঙ্গে সোশ্যাল মিডিয়া।
উদয়পুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এক রাজকীয় প্রাসাদে বসছে বিয়ের আসর। ইতিমধ্যেই পাঁচতারা হোটেলে অতিথিদের থাকার জন্য ১১৭টি ঘর বুক করা হয়েছে। শোনা যাচ্ছে, ঘরভাড়া প্রতি রাতে ২০ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে। আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ১০০—পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই থাকছেন এই অন্তরঙ্গ অনুষ্ঠানে।
তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বিয়ের মেনু নিয়ে। বিজয়-রশ্মিকার পছন্দের কথা মাথায় রেখে সাজানো হয়েছে খাঁটি দক্ষিণী আয়োজন। অতিথিদের স্বাগত জানাতে থাকবে টাটকা নারকেল জল। ভোজ পরিবেশন হবে কলাপাতায়। মেনুতে রয়েছে হায়দরাবাদি দম বিরিয়ানি, নাটু কোডি পুলুস, গারেলু বা মেডু বড়া, পাপ্পু (দক্ষিণী ডাল) ও কিমা সামোসা।
রশ্মিকা কর্নাটকের মেয়ে হওয়ায় কুর্গের বিশেষ পদ কদম্বুটু ও পান্ডি কারিও রাখা হয়েছে। শেষ পাতে থাকবে জনপ্রিয় মিষ্টি মাইশোর পাক।
এর আগে প্রাক-বিবাহ অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল জাপানি খাবারের আয়োজন। বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদ-এ আয়োজন করা হয়েছে তারকাখচিত রিসেপশনের।
রাজকীয় আবহ, দক্ষিণী ঐতিহ্য আর তারকা জৌলুস—সব মিলিয়ে এই বিয়ে যে বছরের অন্যতম আলোচিত অনুষ্ঠান হতে চলেছে, তা বলাই বাহুল্য।


