বিগত আট বছর ধরে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা থামেনি। কখনও শহরের রাস্তায় লেন্সবন্দি হয়েছেন, কখনও আবার একই গন্তব্যে আলাদা ফ্রেমে ধরা দিয়েছেন। কিন্তু প্রকাশ্যে কোনওদিনই প্রেমের কথা স্বীকার করেননি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।
তবে এবার নতুন খবর—গোপনেই আংটিবদল সেরে ফেলেছেন এই তারকা জুটি। ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। প্রেমদিবসের আবহে সাতপাক ঘোরা নিয়েই পরিকল্পনা চলছে, যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।
এই বিয়ের অনুষ্ঠানও হবে একেবারে ব্যক্তিগত পরিসরে—শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে। প্রকাশ্যে কিছু না বললেও দুই দক্ষিণী তারকার ভক্তরা খবর পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা।
দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে উন্মাদনা যেমন প্রবল, তেমনই ‘অ্যানিম্যাল’ ও ‘পুষ্পা’র মতো ছবির পর রশ্মিকা মন্দানাও হয়ে উঠেছেন জাতীয় ক্রাশ। বিজয়ের পরিবারের সঙ্গেও নায়িকার দারুণ সম্পর্ক।
বরাবরই একে অপরকে “শুধু বন্ধু” বলে পাশ কাটালেও এবার আর ভক্তদের আনন্দ লুকোতে পারছেন না কেউ। গোটা দেশের অনুরাগীরাই মুখিয়ে রয়েছেন তাঁদের স্বপ্নের বিয়ে দেখার অপেক্ষায়।


