অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বড়ালী ঘাট এলাকায় বাসন্তী হাইওয়ের উপর। পুলিশ জানিয়েছে এই ঘটনায় একজন মহিলা সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এদিন সকালে শিয়ালদা স্টেশন থেকে ধৃত ওই দুইজন একটি সাদা ট্যাক্সি করে উত্তর ২৪ পরগনার ঘুসিঘাটা এলাকার দিকে যাচ্ছিল। সেই সময় খবর পেয়ে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পুলিশ টিম ও ভাঙড় থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বড়ালী ঘাট এলাকায় গাড়িটি আটকায়। পরে গাড়ি ডিকি থেকে উদ্ধার হয় ওই পরিমাণ গাঁজা। এই ঘটনায় পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তার খোঁজ করছে পুলিশ। এর আগে পোলেরহাট ও উত্তর কাশীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল।


