এপ্রিল থেকেই বছরে ৪ হাজার টাকা অনুদান পাবেন ভাগচাষিরা, সেচের চার্জও মকুব: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ঘোষণার পর থেকেই কবে মিলবে অনুদান, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, নতুন অর্থবর্ষ শুরু হতেই অর্থাৎ আগামী এপ্রিল মাস থেকে বার্ষিক চার হাজার টাকা অনুদান পাবেন ভূমিহীন ও ভাগচাষিরা।

মুখ্যমন্ত্রী জানান, যাঁদের নিজস্ব জমি নেই অথচ অন্যের জমিতে চাষ করেন, সেই সমস্ত ভূমিহীন চাষিদের জন্য এই আর্থিক সহায়তা দেওয়া হবে। রবি ও খরিফ—দুই মরশুমে দু’হাজার টাকা করে মোট চার হাজার টাকা অনুদান দেওয়া হবে বছরে।

এই অনুদান পাওয়ার জন্য দুয়ারে সরকারের আদলে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প বসানো হবে। নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে ভাগচাষিদের। একই সঙ্গে বাজেটে ঘোষিত আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধার কথাও এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কৃষকদের উপর সেচের যে চার্জ ধার্য ছিল, তা এবার থেকে সম্পূর্ণ মকুব করা হচ্ছে। সেই ক্ষেত্রেও ক্যাম্পের মাধ্যমে আবেদন নেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যের কৃষক ও চাষিদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত। নতুন অর্থবর্ষের শুরু থেকেই যাতে সুবিধাগুলি হাতে পান চাষিরা, সে দিকেই নজর রাখছে রাজ্য সরকার।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *