পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। কেন্দ্রকে টেক্কা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করল, সেপ্টেম্বর মাসের বেতন আগাম দেওয়া হবে। মঙ্গলবার অর্থদপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়া হবে। একই সময়ে গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড ও অনারারিয়ামও মিটিয়ে দেওয়া হবে। তবে পেনশন পাওয়া যাবে ১ অক্টোবর থেকে।
এবার দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। সেই কারণে মাসের শেষে বেতন হাতে পাওয়ার আগে থেকেই কর্মীদের স্বস্তি দিতে এই পদক্ষেপ নিল রাজ্য সরকার।
এছাড়া, ‘জয় বাংলা’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকাও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে ১ অক্টোবর থেকে পৌঁছবে। এর জন্য বিভিন্ন দপ্তরের ডিডিও ও অ্যাডমিনিস্ট্রেটরদের ট্রেজারিতে বিল আগে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থদপ্তর।
কেন্দ্রীয় সরকারি কর্মীরাও চলতি মাসের ২৬ সেপ্টেম্বর বেতন পাবেন বলে ঘোষণা করেছে কেন্দ্র। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তবে কেন্দ্রের আগেই রাজ্য কর্মীদের হাতে বেতন তুলে দিয়ে একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার।


