শীত এখনও পুরো বিদায় নেয়নি। সকালে হালকা ঠান্ডা, রাতে পাতলা চাদরের প্রয়োজন—এই আবহেই নতুন চমক দিল আবহাওয়া। সপ্তাহ ঘুরতেই রাজ্যের আবহাওয়ার ছবিতে আসতে পারে বড় পরিবর্তন।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে আবার সক্রিয় হচ্ছে নিম্নচাপ বলয়। দক্ষিণ-পশ্চিম দিকের পুরনো সিস্টেম দুর্বল হলেও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হচ্ছে নতুন আবহাওয়াজনিত অস্থিরতা। সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর জেরেই আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে India Meteorological Department।
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি। একই সঙ্গে ওড়িশা উপকূলেও বৃষ্টি হতে পারে।
এদিকে তাপমাত্রার পারদও চুপিসারে বাড়তে শুরু করবে। কলকাতা ও আশপাশে সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। উপকূল জেলাগুলিতেও তাপমাত্রা ১৯-২১ ডিগ্রির মধ্যে থাকবে।
উত্তরবঙ্গেও মিলবে বদলের ইঙ্গিত। পাহাড়ে এখনও শীতের দাপট থাকলেও ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দার্জিলিং এলাকায় পারদ ৬-৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। কালিম্পং ও সংলগ্ন সমতলে ১১-১৫ ডিগ্রি। শিলিগুড়ি ও মালদহ অঞ্চলে তাপমাত্রা থাকবে ১৬-১৯ ডিগ্রির মধ্যে।
সব মিলিয়ে শীতের আবহে বৃষ্টির ছোঁয়া—এমন দ্বৈত পরিস্থিতির দিকেই এগোচ্ছে রাজ্যের আবহাওয়া।


