দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনে সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, তাঁকে সাম্মানিক ডি’লিট (Doctor of Letters) উপাধিতে ভূষিত করতে চলেছে জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়।
আগামী ১২ বা ১৩ নভেম্বর, কলকাতার ‘ধনধান্যে’ প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, যাঁদের হাতেই মুখ্যমন্ত্রীকে সম্মাননা প্রদান করা হবে।
এর আগে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি’লিট প্রদান করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, ও ভুবনেশ্বরের KIIT। তবে এবারই প্রথমবার বিদেশি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্যাদা পাচ্ছেন তিনি।
২০১১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বিরোধীদের নানা সমালোচনার মাঝেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ও আন্তর্জাতিক স্বীকৃতি ক্রমাগত বেড়েছে। এবারের সম্মান তাঁর নেতৃত্বের আরও এক বৈশ্বিক স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে।


