যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের একাংশের অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল নবান্ন। অনেক আবেদনকারীর দাবি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখাচ্ছে, এমনকি মোবাইলে মেসেজও এসেছে। কিন্তু তারপরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি এক পয়সাও। এই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee।
বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, যেসব উপভোক্তার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি তাদের সমস্যার দ্রুত নিষ্পত্তি করতে হবে। সূত্রের খবর, খুব শিগগিরই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ঘোষণা হলেই কার্যকর হবে আদর্শ আচরণবিধি। তাই তার আগেই রাজ্যের নতুন প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি খেতমজুরদের আর্থিক সহায়তা সংক্রান্ত কাজও দ্রুত সম্পন্ন করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা। আবেদন করার ক্ষেত্রে ২১ থেকে ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধাভোগী হলে এই ভাতা পাওয়া যাবে না বলেও জানানো হয়েছে।
প্রথমে জানানো হয়েছিল, এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের টাকা পাওয়া যাবে। তবে পরে ধর্মতলার মেট্রো চ্যানেলে আন্দোলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এপ্রিল নয়—৭ মার্চ থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। প্রাথমিকভাবে পাঁচ বছর ধরে প্রতি মাসে এই ভাতা দেওয়া হবে বলেও জানান তিনি।
ইতিমধ্যেই বহু আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। তবে যাঁদের অ্যাকাউন্টে এখনও ভাতা ঢোকেনি, তাঁদের অভিযোগ দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


