বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঝাড়গ্রামের লোধাশুলি থেকে উড়িষ্যার ভুবনেশ্বরের উদ্দেশ্যে চালু হলো নতুন বেসরকারি বাস পরিষেবা। রবিবার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি এলাকায় ফিতা কেটে, নারকেল ফাটিয়ে এবং সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার আর.টি.এ বোর্ডের সদস্য অনুপ মাহাত, প্রাক্তন মন্ত্রী চূড়ামনি মাহাত, কুড়মি বোর্ডের ভাইস চেয়ারম্যান রথীন মাহাত, ঝাড়গ্রাম জেলা বাস অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী নরেন মাহাত সহ অন্যান্য অতিথিরা। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় ঝাড়গ্রাম ও আশপাশের এলাকার যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বিশেষত ভুবনেশ্বরের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং চিকিৎসার জন্য পরিচিত শহরে পৌঁছানো এবার হবে আরও সহজ। ফলে আর আলাদা করে বেশি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করার ঝামেলা থাকবে না। বাসটি লোধাশুলি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে গোয়ালমারা, রগড়া, রোহিনী, কুলটিকরী, কেশিয়াড়ি, বেলদা হয়ে সরাসরি ভুবনেশ্বরে পৌঁছাবে। প্রথম দিনেই বাসটি যাত্রীতে ভর্তি হয়ে যায় বলে জানান আর.টি.এ বোর্ডের সদস্য অনুপ মাহাত। তিনি আরও বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সর্বদা সাধারণ মানুষের উন্নয়নের পাশে থাকেন, এই বাস পরিষেবাও মূলত ঝাড়গ্রামবাসীর সুবিধার্থে চালু করা হলো।” উদ্বোধনের দিন অতিথিরা প্রতীকীভাবে বাসে উঠে একটি ছোট পরিক্রমাও করেন। নতুন এই বেসরকারি বাস চালু হওয়ায় এলাকার মানুষজন যথেষ্ট খুশি এবং আশাবাদী যে আগামী দিনে আরও উন্নত যাতায়াত ব্যবস্থা তৈরি হবে।


