নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও আশপাশের এলাকায় বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বসতি ক্রমশই মাথাচাড়া দিয়ে উঠছে। স্থানীয় সূত্রে খবর, এদের অধিকাংশই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং প্রবেশের পরই তারা জালিয়াতি চক্রের সহায়তায় আধার কার্ড, ভোটার কার্ডসহ নানা ভারতীয় পরিচয়পত্র তৈরি করে নিচ্ছে।
অভিযোগ, কাকদ্বীপ থানা ও হার্ডউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায় এমন মানুষের সংখ্যা প্রচুর। মোটা টাকার বিনিময়ে দালাল চক্রের সাহায্যে এই অনুপ্রবেশকারীরা শুধু পরিচয়পত্রই পাচ্ছে না, সেইসঙ্গে জমি কেনা, পাসপোর্ট তৈরি করাও সহজ হয়ে যাচ্ছে। জেলার কয়েকটি বেসরকারি নার্সিংহোম ও স্থানীয় পঞ্চায়েতকে ঘিরে জাল জন্মসনদ তৈরির অভিযোগও উঠেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
স্থানীয় বাসিন্দারা বহুবার ডিএম, বিডিও, এসডিও-র কাছে লিখিত অভিযোগ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি। ফলে প্রশাসনিক নিষ্ক্রিয়তায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। নিরাপত্তা ও জনসংখ্যাগত ভারসাম্যের প্রশ্নে এই অনুপ্রবেশ বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সীমান্তবর্তী এই অঞ্চলে অবৈধ অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত এবং তাদের হাতে সরকারি নথি পৌঁছে যাওয়া প্রশাসনের গাফিলতিরই বহিঃপ্রকাশ—এমনটাই মত স্থানীয়দের। অবিলম্বে কঠোর পদক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা।


