লালগোলার পদ্মা ভাঙন ঘিরে উত্তেজনা!

Spread the love

মুর্শিদাবাদের লালগোলার তারানগর এলাকায় পদ্মা নদীর ভাঙন ক্রমশ বাড়তে থাকায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন। প্রতিদিনই বাড়িঘর ভেঙে নদীগর্ভে চলে যাচ্ছে। এর ফলে বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়ছেন। দিন-রাত এলাকায় অসংখ্য মানুষ বের হচ্ছেন ভাঙন এলাকা পরিদর্শনে, যা নিয়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে গেলে রবিবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে স্থানীয়দের বাগ্‌বিতণ্ডা বাধে। অভিযোগ, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশের উপরও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালবাগ ডিভিশনের বিশেষ পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পাশাপাশি জঙ্গিপুর থেকেও অতিরিক্ত পুলিশ ভ্যান পাঠানো হয়। বর্তমানে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

পুলিশের দাবি, সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ভাঙনকবলিত মানুষ ক্ষোভে ফেটে পড়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আপাতত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *