রবিবার মহাকাশে পাড়ি দিতে চলেছে ইসরোর ইতিহাসে সবচেয়ে ভারী উপগ্রহ। ওজন প্রায় ৪০০০ কেজি। এই উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দিতে ব্যবহার করা হবে ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট ‘বাহুবলী’ বা জিএসএলভি মার্ক–থ্রি। উৎক্ষেপণ হবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে।
ইসরো সূত্রে জানা গিয়েছে, শেষ মুহূর্তের যাবতীয় প্রস্তুতি এখন তুঙ্গে। সমস্ত যন্ত্রপাতি ও সিস্টেমের চূড়ান্ত পরীক্ষা চলছে। এই উপগ্রহটি মূলত যোগাযোগ এবং আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হবে। এর মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং দূরবর্তী অঞ্চলে নেটওয়ার্ক সংযোগও জোরদার করা সম্ভব হবে।
বিজ্ঞানীদের আশা, এই মিশন সফল হলে ইসরোর সক্ষমতা আরও এক ধাপ বাড়বে এবং আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান আরও শক্ত হবে।


