প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানে সরকারি সফরে। আর সেই সময়েই ফের সরব হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বসু পাফ। তাঁর আর্জি— যত দ্রুত সম্ভব বাবার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হোক।
৮২ বছর বয়সি অনিতার কথায়, “আমার বয়সের কথা ভেবেই অনুরোধ করছি। নরসিমা রাও সরকার একসময় চেষ্টা করেছিল। এবার মোদি সরকারের উচিত সেই উদ্যোগ সম্পূর্ণ করা। স্বাধীন ভারতে ফিরতে পারেননি বাবা। অন্তত তাঁর দেহাবশেষ তো ফিরুক মাটিতে, যাঁকে আজও কোটি মানুষ শ্রদ্ধায় স্মরণ করেন।”
তিনি স্পষ্ট জানান, ব্যক্তিগতভাবে দেহাবশেষ নিয়ে আসা তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ নেতাজি ছিলেন গোটা জাতির নেতা। তবে জাপান বরাবর তাঁকে অসীম সম্মান দিয়ে এসেছে।
উল্লেখ্য, সরকারি নথি অনুযায়ী ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইহোকু এয়ারবেসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় নেতাজির। যদিও সেই তথ্য এখনও প্রশ্নের মুখে। দীর্ঘ আট দশক ধরে টোকিওর রেনকোজি মন্দিরে সংরক্ষিত রয়েছে নেতাজির দেহাবশেষ।


