১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ভারত বনধ ডাক দিয়েছে একাধিক কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠন। শ্রম আইন সংস্কার, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বেসরকারিকরণসহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এই বনধের ডাক দেওয়া হয়েছে। ফলে দেশের বিভিন্ন জায়গায় স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
ব্যাংক নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। RBI ক্যালেন্ডার অনুযায়ী ১২ ফেব্রুয়ারি কোনও সরকারি ব্যাংক হলিডে নয়। তাই নিয়ম অনুযায়ী ব্যাংক খোলা থাকার কথা। তবে যেহেতু ব্যাঙ্ক কর্মীদের একাংশ ধর্মঘটে অংশ নিতে পারে, তাই অনেক জায়গায় কাউন্টার সার্ভিস ধীরগতির হতে পারে বা আংশিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অনলাইন ব্যাংকিং, ATM, UPI পরিষেবা সাধারণত চালু থাকার সম্ভাবনা বেশি।
স্কুল ও কলেজ নিয়ে এখনও পর্যন্ত কোনও সর্বভারতীয় সরকারি বন্ধের নির্দেশ নেই। বেশিরভাগ জায়গায় স্কুল-কলেজ খোলা থাকার সম্ভাবনা থাকলেও স্থানীয় পরিস্থিতি, পরিবহণ সমস্যা বা নিরাপত্তাজনিত কারণে কিছু রাজ্য বা জেলার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করতে পারে। তাই সংশ্লিষ্ট স্কুল বা কলেজের নোটিস দেখে নেওয়াই সবচেয়ে ভালো।
পরিবহণ পরিষেবা ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বাস, অটো, ট্যাক্সি, লোকাল ট্রেনের চলাচল অনেক জায়গায় স্বাভাবিক থাকতে পারে, আবার কোথাও মিছিল-অবরোধ বা বিক্ষোভের কারণে যান চলাচলে সমস্যা হতে পারে। যাত্রীদের জন্য আগেভাগে বের হওয়া এবং বিকল্প রুট মাথায় রাখা জরুরি।


