মৃত্যুর পরেও রোগীকে চিকিৎসা করার অভিযোগ উঠেছিল মালদহের কালিয়াচক থানার সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন সাকিরুল ইসলাম নামে মৃত রোগীর পরিবার। ঘটনার তদন্তে মালদায় ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। আজ কলকাতা থেকে মালদা হয়ে পৌছন চার সদস্যের তদন্তকারী দল। এরপর জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে দুপুরে তাঁরা পৌঁছন সুজাপুরের ওই নার্সিংহোমে। সেখানে মৃত রোগীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন তাঁরা। একইসঙ্গে নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখা হয়। দীর্ঘক্ষণ ওই নার্সিংহোমে তদন্ত চালান কমিশনের প্রতিনিধিরা।উল্লেখ্য, গত ১৯ মে মানিকচক থানার গোপালপুর এলাকার বাসিন্দা সাকিরুল ইসলাম নামে এক যুবককে চিকিৎসার জন্য আনা হয় সুজাপুরের ওই নার্সিংহোমে। সেখানে মৃত্যুর খবর সঠিক সময়ে পরিবারকে না জানিয়ে চিকিৎসা দেখানো হয় বলে অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে গাফিলতি নজরে আসে। এরপরেই আজ তদন্তে পৌঁছয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের দল।


