ইসলামাবাদে মসজিদের সামনে আত্মঘাতী হামলা, ৬৯ মৃত: ভারতকে দোষ পাকিস্তানের, কড়া জবাব দিল দিল্লি

Spread the love

ইসলামাবাদে মসজিদের বাইরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত পাকিস্তান। এখনও পর্যন্ত এই ঘটনায় অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ১৬৯ ছাড়িয়েছে। শুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা মসজিদের সামনে আচমকা বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শহরজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয় ইসলামাবাদ পুলিশ।

প্রথমে ২৪ জনের মৃত্যুর খবর সামনে এলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়তে থাকে। নিরাপত্তাবাহিনীর সূত্র উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের সময় বহু মানুষ মসজিদে জড়ো হয়েছিলেন। হামলাকারী মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল বলে দাবি, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে গেটেই আটকে দেয়। তবুও বিস্ফোরণ আটকানো যায়নি।

এই মর্মান্তিক ঘটনার পরেই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। তাঁর দাবি, এই আত্মঘাতী হামলার নেপথ্যে ভারতের হাত রয়েছে। শুধু তাই নয়, তিনি আরও বলেন হামলাকারীর আফগানিস্তানে যাতায়াত ছিল এবং তালিবানের সঙ্গে তার সরাসরি যোগাযোগও ছিল। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ওই জঙ্গি একাধিকবার পাকিস্তান থেকে আফগানিস্তানে গিয়েছিল এবং পাকিস্তানের কাছে এই সংক্রান্ত তথ্যপ্রমাণও রয়েছে। এরপরই ভারতকে নিশানা করে তিনি দাবি করেন, ভারত এবং আফগানিস্তান একযোগে ষড়যন্ত্র করে এই হামলা ঘটিয়েছে।

তবে পাকিস্তানের এই বিস্ফোরক অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছে ভারত। শুক্রবার রাতেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কড়া বিবৃতি দিয়ে জানান, ইসলামাবাদের মসজিদে হামলা অত্যন্ত নিন্দনীয় এবং নিহতদের পরিবারের প্রতি ভারত সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান নিজের দেশের সন্ত্রাসবাদ-সহ নানা অভ্যন্তরীণ সমস্যার সমাধান না করে বরাবরের মতো অন্য দেশকে দোষারোপ করছে। ভারতকে নিয়ে পাকিস্তানের অভিযোগ সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।

এদিকে খোয়াজার দাবি খারিজ করেছে আফগানিস্তানের তালিবান সরকারও। তালিবানের বক্তব্য, পাকিস্তান কোনও প্রমাণ ছাড়াই বারবার আফগানিস্তানকে দায়ী করছে এবং এটি দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাদের দাবি, পাকিস্তান নিজের দেশের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই এমন অভিযোগ তুলছে।

সব মিলিয়ে ইসলামাবাদের এই ভয়াবহ হামলা শুধু পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়নি, একইসঙ্গে ভারত-পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কেও নতুন করে উত্তেজনার আগুন ছড়িয়ে দিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *