অবৈধ বেটিং অ্যাপ প্রচারের তদন্তে ইডির (Enforcement Directorate) তলবে দিল্লির সদর দপ্তরে হাজির হয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোমবার সকাল ১০:৪০ মিনিটে সাদা ওভারসাইজ শার্ট ও জিন্স পরে তিনি হাসিমুখে কেন্দ্রীয় তদন্ত সংস্থার দপ্তরে পৌঁছান। হাতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও ছিল তার।
সূত্রের খবর, মিমি চক্রবর্তীর তলবের নোটিশ রবিবারই দেওয়া হয়। সেই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আইন আইনের পথেই চলবে।”
এদিকে, ইডির অনুসন্ধানে উল্লেখযোগ্য তারকাদের নাম উঠে এসেছে। এই তালিকায় রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়না সহ আরও অনেকে। জুন মাসেই হরভজন ও সুরেশসহ অনেক তারকার বিরুদ্ধে বয়ান রেকর্ড করেছিল ইডি।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে বর্তমান তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে মিমি এবং অঙ্কুশকেও ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। এই ধরনের মামলায় বলিউড এবং দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির একাধিক তারকা ইতিমধ্যে আইনি জটিলতায় পড়েছেন।


