অসমের আকাশে নেমে এলো শোকের ছায়া। হঠাৎই থেমে গেল সুরের ধারা। মাত্র ৫২ বছর বয়সে অকস্মাৎ চলে গেলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা জুবিন গর্গ। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে প্রাণ হারালেন উত্তর-পূর্ব ভারতের এই সাংস্কৃতিক আইকন।
খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে গেছে সঙ্গীতপ্রেমীরা। শিল্পীর প্রয়াণ যেন বিশ্বাস করতে পারছে না কেউই। যাঁর কণ্ঠে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ হয়েছিল, সেই জুবিনের নীরবতা যেন অসহনীয় হয়ে উঠছে অনুরাগীদের কাছে।
শিল্পীর মৃত্যুর খবরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “সুরে থেকো। তুমি আমাদের হৃদয় থাকবে। তোমার গান অমর হয়ে থাকবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়েছেন গভীর শোক, বলেছেন, “সঙ্গীত ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছেন।
জুবিন গর্গ শুধু একজন গায়ক নন, তিনি ছিলেন অসমের সাংস্কৃতিক মুখ, যাঁর কণ্ঠে মিশে ছিল মাটি, মানুষ আর আবেগের সুর। তাঁর অকালপ্রয়াণে সঙ্গীত দুনিয়া হারাল এক অবিস্মরণীয় শিল্পীকে, আর অসম হারাল তার আপন সন্তানকে।


