ডায়মন্ড হারবারের নির্বাচনী ফল চ্যালেঞ্জে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের মামলায় সোমবার আদালতে গেলেন সাংসদ অভিষেক। আইনজীবীদের সঙ্গে করলেন আলাপ, তুললেন সেলফি।২০২৪ লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারের ফলাফল নিয়ে আদালতে মামলা করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তাঁর পালটা হলফনামার প্রক্রিয়া শুরুর আগেই সোমবার দুপুরে কলকাতা হাই কোর্টে উপস্থিত হলেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সকাল ১১টা নাগাদ হাই কোর্টের F গেটে পৌঁছয় তাঁর কনভয়। গাড়ি থেকে নেমে অভিষেক সরাসরি ওথ কমিশনারের দফতরে গিয়ে নথিতে সই করেন। পরে আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবীরা তাঁকে ঘিরে ধরেন, অনেকে সেলফি ও অটোগ্রাফের অনুরোধ জানান। অভিষেকও হাসিমুখে সেসব আবেদন মেনে নেন।
প্রসঙ্গত, গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে তৃতীয়বারের জন্য জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে প্রায় ৭ লক্ষ ভোটে পরাজিত করেন। তবে বুথ দখল ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলে ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে যান অভিজিৎ।
আদালত এর আগে অভিষেককে নির্দেশ দিয়েছিল ২৮ আগস্টের মধ্যে লিখিত বক্তব্য জমা দিতে, নইলে একতরফা শুনানি চলবে বলে সতর্ক করেছিল। অভিযোগ ছিল, সেই নির্দেশ আগে মানা হয়নি। সোমবার সেই প্রক্রিয়াতেই নিজের পালটা হলফনামায় সই করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।


