২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনী যুদ্ধের আগে সংগঠনের খোলনলচে বদল এবং জনসংযোগ বাড়াতে একগুচ্ছ কড়া নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর সেরে এ বার কলকাতার ক্যামাক স্ট্রিটে একাধিক জেলার নেতৃত্বের সঙ্গে পরপর বৈঠকে বসেছেন তিনি।
বুধবার মালদহ ও জলপাইগুড়ির নেতাদের সঙ্গে বৈঠকে মালদহ নেতৃত্বকে বিশেষভাবে সতর্ক করেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, দলের কর্মসূচি ঠিকভাবে পালন না করলে কিংবা গোষ্ঠীদ্বন্দ্বে জড়ালে কোনও রকম ছাড় দেওয়া হবে না। মানিকচকের গোপালপুরে সংঘর্ষের ঘটনায় সরাসরি সাসপেনশনের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “দলের কে কোথায় কী করছেন, সব নজরে রয়েছে। গণ্ডগোল করলে ব্যবস্থা নেওয়া হবে।”
জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে আরও বেশি করে অংশ নেওয়ার নির্দেশ দেন অভিষেক। বলেন, “মানুষের পাশে থাকুন, তাঁদের কথা শুনুন, সমাজের সব স্তরের মানুষের সঙ্গে সংযোগ রাখুন।” সেই সঙ্গে বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকতে বলেন নেতাদের।
এর পাশাপাশি উত্তরবঙ্গের নেতাদের কাছে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেন অভিষেক। বলেন, বর্তমানে জেতা ৪টি আসন ধরে রাখার পাশাপাশি বাকি ৩টি আসন দখল করাই লক্ষ্য। সেই কারণে ব্লকস্তরে রদবদলের কথাও জানান তিনি। তবে সেই তালিকা তৈরি করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এনআরসি নিয়ে মানুষের মধ্যে ছড়ানো ভয়ের আবহ দূর করতেও নেতাদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলা ভাষা ও সংস্কৃতির অপমানের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিবাদে সোচ্চার হওয়ারও বার্তা দেন তিনি।


