বাংলা দখল না হলে সাফল্য অসম্পূর্ণ, শিলিগুড়ি থেকে মমতা সরকারের ‘বিদায় ঘণ্টা’ বাজালেন অমিত শাহ

Spread the love

দেশজুড়ে গেরুয়া দাপট। একের পর এক রাজ্যে ক্ষমতায় বিজেপি। ২১টি রাজ্যের সরকার থাকা সত্ত্বেও তৃপ্ত নন দলের শীর্ষ নেতৃত্ব—এই বার্তাই শনিবার শিলিগুড়ির জনসভা থেকে স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্যে পরিষ্কার, বাংলা জয় না হলে বিজেপির সাফল্য পূর্ণতা পায় না।

শাহর দাবি, “২১টি রাজ্যে সরকার আছে, তবু মোদি খুশি নন। বাংলায় সরকার গড়তে পারলেই প্রকৃত সাফল্য আসবে।” সেই লক্ষ্যেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। মঞ্চ থেকেই আত্মবিশ্বাসী সুরে শাহ ঘোষণা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় অনিবার্য।

বিজেপির অভিযোগ, রাজ্যে দুর্নীতি চরমে পৌঁছেছে, সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে মহিলারাই নিরাপদ নন—এই দাবিও করেন তিনি। শিলিগুড়ি ও বারাকপুরের কর্মিসভা থেকে শাহ বলেন, “এবার টা টা বাই বাই-এর সময় এসে গিয়েছে। ছাব্বিশের ভোটেই পরিবর্তন হবে।”

বাংলা দখলের স্বপ্ন বিজেপির বহুদিনের। একুশের বিধানসভা ভোটে ‘২০০ পার’-এর স্লোগান বাস্তব হয়নি, চব্বিশের লোকসভা ভোটেও আসন কমেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। তবু বিজেপির দাবি, জনমত বদলাচ্ছে।

প্রতিশ্রুতির ঝুলিতে শাহ রাখলেন আনন্দপুর অগ্নিকাণ্ডে দোষীদের দ্রুত শাস্তি, সীমান্তে কাঁটাতার বসানো ও অনুপ্রবেশ বন্ধের আশ্বাস। গেরুয়া শিবিরের বক্তব্য, ছাব্বিশের নির্বাচনেই বাংলায় রাজনৈতিক পালাবদল ঘটবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *