দুর্গাপুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে মহালয়ার দিন কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মোদির ডেপুটি অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, শহরে পৌঁছে তিনি দু’টি দুর্গাপুজোর উদ্বোধন করবেন।
আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বারবার বাংলায় আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত কয়েক মাসেই তিনবার সভা করেছেন প্রধানমন্ত্রী মোদি। শোনা গিয়েছিল, পুজোর মুখে তাঁর ফের আসার পরিকল্পনা রয়েছে। তবে আপাতত সেই সফর অনিশ্চিত।
গত বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন জিতেছিল বিজেপি। পরে একাধিক বিধায়ক দলবদল করায় সংখ্যা কমেছে। এবার আসন বাড়াতে মরিয়া বিজেপি। সূত্রের খবর, ২০২৫ সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে প্রধানমন্ত্রীর অন্তত একটি করে জনসভা হবে। পুজোর পর থেকে আরও জোরদার প্রচার শুরু করবে বিজেপি। মোদি ও শাহ বাংলায় একাধিক বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। যদিও সফরের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
প্রসঙ্গত, গত আগস্টেই কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। দমদম বিমানবন্দরে নেমে তিনি একাধিক মেট্রো রুটের উদ্বোধন করেন, যাত্রীদের সঙ্গে সফরও করেন। পরে দমদমে রাজনৈতিক সভায় অংশ নেন।


