বিহারে পরিযায়ী শ্রমিক হেনস্তার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত বেলডাঙা

Spread the love

পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। বিহারে এক শ্রমিককে বাংলাদেশি সন্দেহে মারধরের অভিযোগ সামনে আসতেই শনিবার সকালে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বেলডাঙার বড়ুয়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে দাবি, ছাপরায় কর্মরত আনিসুর শেখকে শুক্রবার বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে গ্রামে ফিরিয়ে আনা হলে ক্ষোভে ফেটে পড়ে পরিবার ও গ্রামবাসীরা। প্রতিবাদের অংশ হিসেবে আহত শ্রমিককে অ্যাম্বুল্যান্সে করে অবরোধস্থলে আনা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

বিক্ষোভের জেরে রেল ও সড়ক যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে যায়। লেভেল ক্রসিংয়ে ভাঙচুরের ফলে কৃষ্ণনগর–লালগোলা শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে। জাতীয় সড়কে দীর্ঘ যানজটে নাকাল হন সাধারণ মানুষ। অভিযোগ, বিক্ষোভের মাঝে অ্যাম্বুল্যান্স আটকে পড়ে এবং কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাস্থলে বিধায়ক হুমায়ুন কবীর পৌঁছলেও পরিস্থিতি দীর্ঘ সময় নিয়ন্ত্রণে আসেনি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে কলকাতা থেকে অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন।

এর আগে ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরও বেলডাঙায় বিক্ষোভ হয়েছিল। একের পর এক ঘটনায় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও পরিচয় নিয়ে হেনস্তার অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *