আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সংগঠন চাঙা করতে কার্যত সর্বশক্তি নিয়ে নামছে বঙ্গ বিজেপি। নতুন রাজ্য কমিটি ঘোষণায় এখনও দেরি হলেও, দলীয় নেতৃত্বের দাবি—রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে আগামী মাসেই প্রকাশ পাবে নতুন কমিটির তালিকা। সব ঠিক থাকলে ১৯ ডিসেম্বরের পর কলকাতায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতিতেই হতে পারে নতুন রাজ্য কমিটির বর্ধিত বৈঠক। সেখানেই ২০২৬-এর ভোট কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন শাহ।
ইতিমধ্যেই মোদি-শাহর আসন্ন সফরকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে গেরুয়া শিবিরে। শুক্রবার রাজ্য বিজেপির বৈঠকের পর জানা গিয়েছিল, ডিসেম্বর থেকেই প্রচারের জন্য বাংলায় টানা সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির শীর্ষ নেতারা। এবার মোদির প্রথম সভার দিনক্ষণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহান্তেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। সম্ভাবনা রয়েছে আরামবাগে একটি বড় সভার। ১৩ বা ১৪ ডিসেম্বর অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছে আবেদনও পাঠিয়েছে রাজ্য বিজেপি। পাশাপাশি ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হতে পারে অমিত শাহর প্রচার সফর।


