মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় স্কুলকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে; কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনে অনলাইনে ক্লাস চলবে।
প্রবল বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে আগেই এগিয়ে এল এবছরের দুর্গাপুজোর ছুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেছেন, রাজ্যের সমস্ত সরকারি স্কুলে আজ থেকেই ছুটি কার্যকর হবে। সাধারণত সরকারি স্কুলে চতুর্থী থেকে ছুটি শুরু হলেও এবারে দ্বিতীয়াতেই কার্যত পুজোর ছুটি শুরু হয়ে গেল।
মুখ্যমন্ত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি শিক্ষাদপ্তরকে নির্দেশ দিয়েছি, আজ থেকেই সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হোক। অন্যান্য স্কুল যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন, তাদেরও আমি অনুরোধ করেছি অন্তত দু’দিন ছুটি দেওয়ার জন্য। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয়, তবে অনলাইনে ক্লাস নেওয়া হোক, যেমন কোভিডকালে করা হতো।”
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে সরকারি স্কুলে ছুটির বিষয়টি জানান। মঙ্গলবার বেসরকারি স্কুলগুলিও এই পরিস্থিতি বিবেচনা করে ছুটি ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, শুধু আজ নয়, বুধবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। তাই কর্তৃপক্ষকে অন্তত দু’দিন ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন, যাতে শিশুরা নিরাপদে থাকতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, ফলে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী ও জলাধারগুলো ইতিমধ্যেই ভরা অবস্থায় আছে, গঙ্গায় মহালয়া থেকে জোয়ার চলছে, তাই শহরের জলাবদ্ধতা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শহরবাসীকে বাড়ির বাইরে অযথা বেরোতে না যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির মধ্যে এই আগাম ছুটি শিশু, অভিভাবক ও শিক্ষাকর্মীদের জন্য আংশিক স্বস্তি এনে দিলেও, নগরজীবনের জন্য পরিস্থিতি এখনও উদ্বেগজনক।


