বিহারের পর এবার বাংলায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হতে পারে—এই জল্পনায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা বাড়ছে। আর এই ইস্যুকেই হাতিয়ার করে মঙ্গলবার বর্ধমানের সভা থেকে সরাসরি নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি কমিশনকে সতর্ক করে বলেন, “ভোট এলেই এনআরসি। ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। ইলেকশন কমিশনকে অনেক প্রণাম জানাই, সালাম জানাই। কিন্তু দয়া করে বিজেপির ললিপপ হয়ে যাবেন না। তাহলে দেশের মানুষ ক্ষমা করবে না।”
প্রসঙ্গত, বিহারে বিধানসভা ভোটের আগে এসআইআরে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। আগামী বছর বাংলায় ভোট, তাই আশঙ্কা আরও বেড়েছে।
কেন্দ্রীয় বিজেপি সরকারকেও আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, “ভোটের আগে বলবে, এখানে নাকি সব বাংলাদেশি হয়ে গিয়েছে।” দেশভাগ প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশের ভাষা ও আমাদের ভাষা এক হলে আমরা কী করব? দেশভাগ তো আমরা করিনি। বাংলাকে ওরা সহ্য করতে পারে না। বাংলা আমরা বলবই, বাংলার ইতিহাস ভুলে যাওয়া চলবে না।”


