ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে। তারই মধ্যে বড় কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, আগামী ৮ এপ্রিল তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেন। কালীঘাটে নিজের বাসভবন থেকে বিশাল মিছিল করে গোপালনগরের সার্ভে বিল্ডিং পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে।
দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্বের দাবি, এই মিছিল হবে শক্তিপ্রদর্শনের বড় মঞ্চ। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে পারেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দক্ষিণ কলকাতা জেলা সভাপতি দেবাশিস কুমার। ভবানীপুর এলাকার একাধিক কাউন্সিলরও এই মিছিলে যোগ দিতে পারেন বলে খবর।
এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্র ঘিরে লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি একই সঙ্গে নন্দীগ্রাম কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২১ সালের মতোই আবারও মমতা-শুভেন্দুর মুখোমুখি লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।
এই কেন্দ্রে বামেদের প্রার্থী হিসেবে রয়েছেন শ্রীজীব বিশ্বাস। ফলে ত্রিমুখী লড়াইয়ে ভবানীপুর এখন রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু।


