ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল ১৫৯ নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্র। শাসক দল তৃণমূল কংগ্রেস-এর প্রবল আপত্তির জেরে শেষপর্যন্ত রিটার্নিং অফিসার বদলের পথে হাঁটতে বাধ্য হল নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ২৪ তারিখ তৃণমূল কংগ্রেস-এর পক্ষ থেকে ভবানীপুরে সদ্য নিয়োগ হওয়া রিটার্নিং অফিসার নিয়ে গুরুতর অভিযোগ জানানো হয়। এরপরই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে তিনজন যোগ্য আধিকারিকের একটি প্যানেল পাঠানোর নির্দেশ দেয় কমিশন।
নবান্ন সূত্রে খবর, সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই তিন আধিকারিকের নাম পাঠানো হয়েছে কমিশনের কাছে। খুব শিগগিরই তাঁদের মধ্য থেকেই নতুন রিটার্নিং অফিসার নিয়োগ করা হতে পারে।
উল্লেখ্য, নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু এই নিয়োগ ঘিরেই তীব্র আপত্তি তোলে তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, সুরজিৎ রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ।
এই অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় শাসক দল। সেই চাপের মুখেই শেষপর্যন্ত রিটার্নিং অফিসার বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
ভোটের আগে এই প্রশাসনিক রদবদল ভবানীপুরের রাজনৈতিক লড়াইকে আরও উত্তপ্ত করে তুলল বলেই মনে করা হচ্ছে।


