যোগ্য চাকরিহারাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। সম্প্রতি একটি বক্তৃতায় এমনি শোনা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির গলায়। এমনকি, আদালতে যাওয়ার বিষয়টিও শোনা গিয়েছে। দিলীপ বলেছেন, “আপনারা লড়ুন, আমরা আছি। দরকার হলে কোর্টে যাব। যোগ্য চাকরিহারাদের সঙ্গে আমি কথা বলেছি। একদিকে তৃণমূল, আরেক দিকে বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু কাউকে চাকরি দিতে পারলেন না। চাকরি বাঁচানোর জন্য প্রয়োজনে আদালতে যাব আমরা। আমরা আদালতের কাছে আবেদন জানাব, যোগ্য চাকরিহারাদের বক্তব্য শুনুন এবং তাদের কাছে যা তথ্য আছে তা নিয়ে বিচার করুন। আর বলব, অযোগ্যদের থেকে জানুন কাদের তারা টাকা দিয়েছেন। সেই নেতাদের জেলের ভাত খাওয়ান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। যারা অন্যায় করেছে তারা দোষী, তাদের থেকেও বড় দোষী মমতা ব্যানার্জি। উনি চোরেদের রানী। ডাকাত রানী। যেদিন থেকে এই পার্টি সরকার এসেছে, সেদিন থেকে চুরি করেছে। রাস্তার ত্রিফলা আলোর বিল থেকে শুরু করেছে। প্রায় ৮০ হাজার কোটি টাকা চিটফান্ডের এরা হজম করেছে। গরিব মানুষের টাকা মেরেছে। ভারতীয় জনতা পার্টি সারা ভারতের রাজ্য থেকে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীদের তুলে ফেলে দিয়েছে, পশ্চিমবঙ্গ থেকেও ফেলবে।”
যে বিজেপি বলেছিল, রামনবমী মিটলে তারপর চাকরিহারাদের পাশে দাঁড়াবেন। সেই বিজেপিকে এখনও রাস্তায় দেখা যায়নি। এদিকে প্রাক্তন রাজ্য সভাপতির মুখে যে বার্তা শোনা যাচ্ছে, তা চাকরিহারাদের জোর কতটা বাড়াবে। সেটাই দেখার।


