‘মা আমার সঙ্গে আপত্তিকরভাবে নাচ করেছিলেন’, বিস্ফোরক অভিযোগ বেকহ্যামপুত্র ব্রুকলিনের

Spread the love

বাইরে থেকে নিখুঁত ও সুখী বলে মনে হলেও, বাস্তবে বেকহ্যাম পরিবারে ভালোবাসার অভাব—এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন ডেভিড বেকহ্যামের জ্যেষ্ঠপুত্র ব্রুকলিন বেকহ্যাম। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে নিজের বাবা-মায়ের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেন তিনি। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তাঁর মা ভিক্টোরিয়া বেকহ্যাম।

ব্রুকলিনের দাবি, তাঁর বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে অপমানজনক ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। স্ত্রীর সঙ্গে প্রথম নাচের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হলেও, সেই মুহূর্ত কেড়ে নেন তাঁর মা। ৫০০ জন অতিথির সামনে রোম্যান্টিক গানে ভিক্টোরিয়া বেকহ্যাম তাঁর সঙ্গে এমনভাবে নাচ করেন, যা ব্রুকলিনের মতে ছিল “অত্যন্ত আপত্তিকর” এবং তাঁর জীবনের সবচেয়ে অপমানজনক মুহূর্ত।

এখানেই শেষ নয়। ব্রুকলিন আরও অভিযোগ করেন, বিয়ের আগের মুহূর্তে তাঁর স্ত্রীর পোশাক বদলে দেওয়া হয় এবং তাঁকে পরিবারের অংশ হিসেবেও কখনও স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি তাঁর বিয়ে ভাঙার উদ্দেশ্যে বাবা-মা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, প্রাক্তন প্রেমিকাদের পর্যন্ত ডেকে আনা হয়েছিল বিয়েতে।

ইনস্টাগ্রামে ব্রুকলিন লেখেন, সংবাদমাধ্যমে বাবা-মায়ের একতরফা বক্তব্যের জবাব দিতেই তাঁকে মুখ খুলতে হয়েছে। তাঁর কথায়, “আমার বাবা-মা শুধু নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে মিথ্যে বলছেন।” তিনি আরও জানান, বিয়ের পর থেকেই পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর। এমনকি পরিবারের সকল সদস্যকে সোশাল মিডিয়ায় ব্লক করে দিয়েছেন এবং আইনি নোটিসও পাঠিয়েছেন বলে শোনা যাচ্ছে।

সবমিলিয়ে, বাইরে থেকে ঝলমলে দেখালেও ভিতরে যে গভীর ফাটল ধরেছে বেকহ্যাম পরিবারে, ব্রুকলিনের এই বক্তব্যে তা স্পষ্ট হয়ে উঠেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *