বহরমপুরে বুথ বিজয় সম্মেলন, ‘চাকরি চাই, বিজেপি চাই’ কর্মসূচিতে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

Spread the love

বহরমপুরের বুরওয়ান ডাকবাংলা বিধানসভা কার্যালয়ে অনুষ্ঠিত হল বুরওয়ান–৩ মণ্ডলের বুথ বিজয় সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। দলীয় কার্যকর্তা ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে সংগঠনকে আরও মজবুত করার বার্তা উঠে আসে মঞ্চ থেকে।

এই কর্মসূচির পাশাপাশি এদিন যুব মোর্চার উদ্যোগে আয়োজিত ‘চাকরি চাই, বিজেপি চাই’ কর্মসূচিতেও অংশ নেন দিলীপ ঘোষ। সেখান থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। দিলীপ ঘোষের অভিযোগ, গত ১৫ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার যুবসমাজের ভবিষ্যৎ কার্যত ধ্বংস হয়ে গিয়েছে।

তাঁর কথায়, যে তরুণ-তরুণীদের নিজের রাজ্যে থেকেই চাকরি, শিল্প ও ব্যবসার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার কথা ছিল, তারা আজ কাজের খোঁজে ভিন্‌রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি রাজ্যের পক্ষে লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

দিলীপ ঘোষ স্পষ্ট করে বলেন, বাংলার যুবকদের এই দুরবস্থার পরিবর্তন চাইলে রাজ্যে রাজনৈতিক বদল জরুরি। বাংলার ছেলেদের আবার নিজের রাজ্যে ফিরিয়ে আনতে হলে, কর্মসংস্থান ও মর্যাদা নিশ্চিত করতে হলে এবার রাজ্যের মানুষ একজোট হয়ে বিজেপির পক্ষেই রায় দেবেন।

বুথ বিজয় সম্মেলন ও যুব মোর্চার কর্মসূচিকে সামনে রেখে বিজেপি যে আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতে চাইছে, এদিনের কর্মসূচি তারই স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *