বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি আবারও চর্চার কেন্দ্রে। স্বামী পিটার হ্যাগের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন তিনি। অভিযোগে সেলিনা জানিয়েছেন, বছরের পর বছর ধরে মানসিক, শারীরিক, আর্থিক এবং মৌখিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এমনকি তার অভিযোগ, স্বামী তাঁকে বারবার ‘মেড সার্ভেন্ট’ বা ‘নোকরানি’ বলে অপমান করেছেন।
বিভিন্ন বাংলা সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেলিনা দাবি করেছেন, বিয়ের পর থেকেই তার স্বাধীনতা এবং পেশাগত পরিচয়ে বাধা দিতে শুরু করেন পিটার। অভিনেত্রী জানান, তাকে অভিনয় এবং কাজ বন্ধ করতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, মুম্বইতে তার নিজের নামে থাকা সম্পত্তিও স্বামীর নামে স্থানান্তর করতে চাপ দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।
রিপোর্টে আরও বলা হয়েছে, পরিস্থিতি এতটাই চরমে পৌঁছায় যে এক সময় সেলিনা বাধ্য হয়ে অস্ট্রিয়া থেকে পালিয়ে ভারতে ফিরে আসেন। অভিযোগ, সন্তানদের সঙ্গেও দেখা করতে বাধা দেওয়া হয়েছে তাকে। ফলে আদালতে তিনি সন্তানদের হেফাজত এবং যোগাযোগের অধিকার দাবি করেছেন।
এখন সেলিনা আদালতের কাছে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ এবং মাসিক ১০ লক্ষ টাকার ভরণপোষণ দাবি করেছেন। আদালত ইতিমধ্যেই পিটার হ্যাগকে নোটিশ পাঠিয়েছে এবং মামলার শুনানি শীঘ্রই শুরু হবে।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সেলিনা লিখেছেন, জীবন তাকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু তিনি ভেঙে পড়েননি—নিজের সম্মান, সন্তান এবং ভবিষ্যতের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন।
এখন বলিউড এবং ভক্তমহলে বড় প্রশ্ন—এই মামলার রায় কোনদিকে যায় এবং সেলিনার জীবন কোন পথে মোড় নেয়।


