চন্দ্রিমা ভট্টাচার্য হিডকোর চেয়ারম্যান

Spread the love

রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা হিডকোর নতুন চেয়ারম্যান হলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে এই প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নেন।

অর্থমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্য, পরিবেশ, উদ্বাস্তু পুনর্বাসন, ভূমি ও ভূমি সংস্কার, পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের দায়িত্বও সামলাচ্ছেন চন্দ্রিমা। দলীয় সংগঠনে তিনি তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী এবং আরও একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এবার হিডকোর নেতৃত্বও তাঁর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, বৃহস্পতিবার হিডকোর দপ্তরে গিয়ে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। সেখানেই অফিসার ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক শেষে নিউ টাউনে ‘দুর্গাঙ্গন’ তৈরির মতো মুখ্যমন্ত্রীর ঘোষিত বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করবেন। দায়িত্ব পেয়ে চন্দ্রিমা বলেন, “মুখ্যমন্ত্রী আমায় এই গুরুদায়িত্ব দিয়েছেন, আমি কৃতজ্ঞ। নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

এর আগে হিডকোর চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। পরে মুখ্যমন্ত্রী নিজেই দায়িত্ব নেন এবং ভাইস চেয়ারম্যান করা হয় প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। প্রশাসনিক মহলের মতে, হিডকোর ভবিষ্যৎ পরিকল্পনা সরাসরি নজরে রাখতেই চন্দ্রিমার মতো বিশ্বস্ত মুখকে চেয়ারম্যান করা হল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *