চিরঞ্জীবীর ইনস্টাগ্রামে যমজ নাতি-নাতনির নাম ঘোষণা, ভাইরাল নামকরণ অনুষ্ঠানের ছবি

Spread the love

চিরঞ্জীবীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এখন রীতিমতো আবেগঘন চর্চা অনুরাগীদের মধ্যে। দক্ষিণী সিনেমার এই কিংবদন্তি অভিনেতা সম্প্রতি রামচরণ ও উপাসনা কামিনেনির যমজ সন্তানদের নামকরণ অনুষ্ঠানের একটি হৃদয়ছোঁয়া ছবি শেয়ার করেছেন। একইসঙ্গে তিনি প্রকাশ করেছেন যমজ নাতি-নাতনির নামও—ছেলের নাম রাখা হয়েছে ‘শিব রাম কোনিডেলা’ এবং মেয়ের নাম ‘অনভীরা দেবী কোনিডেলা’।

ছবিটিতে দেখা যাচ্ছে, রামচরণ ও উপাসনা চেয়ার বসে রয়েছেন। তাঁদের কন্যাসন্তান ক্লিন কারা বাবার কোলে বসে আছে। তাঁদের পিছনে দাঁড়িয়ে রয়েছেন চিরঞ্জীবী ও তাঁর স্ত্রী সুরেখা, পাশাপাশি উপাসনার বাবা-মা অনিল কামিনেনি ও শোভানা কামিনেনিকেও দেখা যাচ্ছে। তবে ছবির মূল আকর্ষণ নিঃসন্দেহে যমজ সন্তানরা। চারপাশের সুন্দর ফুলের সাজসজ্জা ও ঘরোয়া পরিবেশ পুরো অনুষ্ঠানটিকে আরও আন্তরিক ও উৎসবমুখর করে তুলেছে।

শুধু ছবি নয়, নাতি-নাতনির নামের অর্থ নিয়েও দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন চিরঞ্জীবী। তিনি লিখেছেন, ‘অসীম আনন্দ এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা আমাদের দুই আশীর্বাদস্বরূপ সন্তানদের নাম ঘোষণা করছি—শিব রাম কোনিডেলা এবং অনভীরা দেবী কোনিডেলা।’ তিনি জানান, শিব রাম নামটি দুটি চিরন্তন আদর্শের মিলন। ‘শিব’ অংশটি অনুপ্রাণিত শিব শঙ্কর বরপ্রসাদ থেকে, যা অন্তরের শক্তি, আধ্যাত্মিক গভীরতা এবং স্থিরতার প্রতীক। অন্যদিকে ‘রাম’ এসেছে রামচরণ থেকে, যা ন্যায়পরায়ণতা, সহানুভূতি এবং নৈতিক সাহসের প্রতিফলন। এই নামের মাধ্যমে অন্তর্নিহিত শক্তি ও দায়িত্বশীল কর্মের মধ্যে ভারসাম্যের বার্তা ফুটে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে অনভীরা দেবী নামটি নিয়েও আবেগঘন ব্যাখ্যা দিয়েছেন মেগাস্টার। তিনি বলেন, এটি এক বিরল এবং শক্তিশালী নারীত্বের প্রকাশ। ‘অনভীরা’ শব্দটি ভয়হীনতা, দৃঢ়তা এবং ঐশ্বরিক সুরক্ষার প্রতীক, যা অনুপ্রাণিত কানক দুর্গা দেবীর আশীর্বাদ থেকে। তাঁর মতে, এই নামের মধ্যে রয়েছে সৌন্দর্য, সাহস এবং অবিচল শক্তির প্রতিচ্ছবি।

চিরঞ্জীবী তাঁর পোস্টে শেষে সকলের কাছে শিব রাম এবং অনভীরা দেবীর জন্য আশীর্বাদ কামনা করেছেন। পরিবারের এই ঘরোয়া মুহূর্ত এবং নামের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনুরাগীদের মতে, এই নামগুলো শুধু সুন্দর নয়, বরং ঐতিহ্য ও আধ্যাত্মিক শক্তির এক অনন্য প্রতীকও বটে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *