অবশেষে স্বস্তির নিঃশ্বাস! দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ দীপিকা পাল্লি অবশেষে সেরে উঠছেন। ঈদের ঠিক আগেই হাসপাতালের আইসিইউ (ICU) থেকে ছাড়া পেলেন তিনি। খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরে উঠেছে টুইটার-ইনস্টাগ্রাম। চিকিৎসকদের চেষ্টায় এবং অসংখ্য মানুষের দোয়ার জোরেই মিলেছে এই আশার আলো, এমনটাই বলছেন দীপিকার পরিবার।
দীপিকার স্বামী শোয়েব খান এই সুসংবাদ শেয়ার করে লেখেন,
“এই রমজান মাসে আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন ঈশ্বর। আমি অসহায় ছিলাম, কিন্তু বিশ্বাস হারাইনি। অবশেষে দীপিকাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন তিনি। আমি আজ শুধুই কৃতজ্ঞ।”
শোয়েব আরও বলেন,
“যে সমস্ত মানুষ প্রার্থনা করেছেন, বারবার খোঁজ নিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। দীপিকা এখন কথা বলছে, হাসছে। চিকিৎসকরা বলেছেন ও এখন বিপদমুক্ত। আমাদের ঈদ এবার সত্যিই বিশেষ হবে।”
দীপিকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনায় পোস্ট করেছিলেন। এমনকি অনেক তারকারাও পাশে এসে দাঁড়ান।
সূত্রের খবর, দীপিকার হৃদযন্ত্রে একটি জটিল সমস্যা ধরা পড়েছিল, যার কারণে হঠাৎই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বেশ কয়েকদিন আইসিইউ-তে ছিলেন তিনি। প্রথম দিকটা বেশ সংকটজনক হলেও ধীরে ধীরে উন্নতি হতে থাকে।
বর্তমানে দীপিকা এখন হাসপাতালে আছেন ঠিকই, তবে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে তাঁকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।
তাঁর স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় গোটা পরিবার। এই ঈদে হয়তো বড় কোনও উৎসব না হলেও, দীপিকার মুখে হাসি দেখেই খান পরিবারে ফিরে এসেছে সেরা উপহার।


