মঙ্গলবার রাতে দিল্লি থেকে গোয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ইন্ডিগো ফ্লাইট 6E-6271 মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় পাইলট ‘PAN-PAN’ সিগন্যাল দেন এবং বিমানটিকে নিরাপদে মুম্বাইতে জরুরি অবতরণ করান।
বিমানটিতে মোট ১৯১ জন যাত্রী ছিলেন। ফ্লাইটটি রাত ৮টা নাগাদ দিল্লি থেকে রওনা হয় এবং রাত ৯টা ৩০ মিনিট নাগাদ ইঞ্জিন ১-এ সমস্যার ইঙ্গিত পাওয়া যায়। এরপর পাইলট জরুরি পরিস্থিতির সঙ্কেত ‘PAN-PAN’ দেন, যা জীবনের ঝুঁকি না থাকলেও অবিলম্বে সাহায্য প্রয়োজন বোঝাতে ব্যবহৃত হয়।
মুম্বাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সহযোগিতায় বিমানটি রাত ৯টা ৫৩ মিনিটে নিরাপদে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে। ফায়ার ব্রিগেড ও রেসকিউ টিম আগে থেকেই প্রস্তুত ছিল।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের বিকল্প ব্যবস্থার জন্য কাজ চলছে এবং ইঞ্জিন ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। কেউ আহত হননি।


