সৌজন্যের বার্তায় রাজনীতির ময়দানে আগেও মন কেড়েছেন তিনি। আবার সিনেদুনিয়াতেও একাধিকবার চর্চার শিরোনামে উঠে এসেছে তাঁর মহানুভবতা। এবার টেকনিশিয়ানদের ‘মসিহা’ হয়ে উঠলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব।
লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে যাঁরা নেপথ্যে থেকে কাজ করেন, সেই কলাকুশলীদের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে টলিউডে। বহুদিন ধরে তাঁদের জন্য একটি স্থায়ী মেডিক্লেম বা স্বাস্থ্যবিমা চালুর দাবি উঠছিল। সেই বিষয়টি মাথায় রেখেই উদ্যোগ নেন দেব। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে অনুরোধ জানান যাতে স্টুডিওপাড়ার টেকনিশিয়ানরাও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান।
দেবের সেই অনুরোধে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ফলে টলিউডের প্রায় ৭ হাজার টেকনিশিয়ান এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। এই প্রকল্পের আওতায় চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন সিনেমার নেপথ্যে কাজ করা বহু কলাকুশলী।
মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নেন দেব। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো নিজের চিঠির একটি কপিও ফেসবুকে শেয়ার করেন। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, বাংলা সিনে ইন্ডাস্ট্রির ৭ হাজারেরও বেশি পরিশ্রমী কলাকুশলীর কল্যাণে তাঁর অনুরোধ মেনে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে স্বস্তির হাওয়া টলিউডে। কারণ, সিনেমার ঝলমলে পর্দার আড়ালে যাঁরা দিনরাত পরিশ্রম করেন, তাঁদের চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের। সেই প্রেক্ষিতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই।


