সংগঠন চাঙা করতে ফের মাঠে দিলীপ, হরিণঘাটায় কর্মীদের সঙ্গে বার্তা ঐক্যের

Spread the love

দলে ফের সক্রিয় হয়ে সংগঠনকে নড়েচড়ে বসাতে উদ্যোগী দিলীপ ঘোষ। মঙ্গলবার নদিয়ার হরিণঘাটায় এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে স্থানীয় কর্মীদের সঙ্গে সময় কাটান তিনি। কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে দীর্ঘদিন রাজনীতির ময়দানে থাকা এই নেতা স্পষ্ট বার্তা দেন—দলের ভিতরের দূরত্ব ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন রাজ্যের নানা প্রান্তে ঘুরে সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দিলীপ। তবে সভাপতির পদ ছাড়ার পর এবং লোকসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কায় তাঁর ঘনিষ্ঠ বহু কর্মীই নিষ্ক্রিয় হয়ে পড়েন। সাম্প্রতিক সময়ে দিলীপ ফের দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন। সেই ধারাবাহিকতায় পুরনো কর্মীদের ফের সক্রিয় করতেই তাঁর এই উদ্যোগ বলে মনে করছে বিজেপির একাংশ।

এদিন হরিণঘাটার বৈঠকে তৃণমূলস্তরের কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন দিলীপ। যদিও তাঁর সফরে জেলার উচ্চ নেতৃত্ব বা স্থানীয় বিধায়কদের উপস্থিতি চোখে পড়েনি। পরে রানাঘাটের কুপার্স পুরসভা এলাকায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন তিনি। সেখানে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে দিলীপ জানান, ক্ষমতা নয়—মানুষের জন্য কাজ করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *