সামনে ভোট। প্রার্থী তালিকা নিয়ে বৃহস্পতিবার আলোচনা করেন বঙ্গ বিজেপির তিন শীর্ষ নেতা। শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার। জে পি নাড্ডার বাড়িতে এই বৈঠকে ছিলেন অমিত শাহ-ও। বিজেপি সূত্রে খবর, এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম – প্রার্থী তালিকায় নতুন নয়, আস্থা পুরোনো মুখেই। যেমন – দিলীপ ঘোষ।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। প্রাক্তন বিধায়ক। প্রাক্তন সাংসদ। তিনিও নাকি ছাব্বিশের নির্বাচনে টিকিট পেতে চলেছেন বলে খবর। পুরোনো কেন্দ্র খড়গপুর থেকে। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন দিলীপ। যদিও একুশে টিকিট পাননি। বিধায়ক হন হিরণ চট্টোপাধ্যায়। অনেকের দাবি, খড়গপুরে হিরণ প্রার্থী হওয়ার পরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। এতে মোকাবিলা করতেই কি দিলীপে ফের আস্থা শীর্ষ নেতৃত্বের। এই টিকিটের জল্পনা কতটা সত্যি তা জানা যাবে প্রার্থী তালিকা ঘোষণা হলেই


