মমতার প্রতি সসম্মান, শুভেন্দুকে খোঁচা! দিলীপ ঘোষ বললেন, দল ছাড়ছি না, আমি বিজেপির সৈনিক

Spread the love

বিজেপি নেতা দিলীপ ঘোষ ফের একবার রাজ্য রাজনীতির কেন্দ্রে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্ব নিয়ে কটাক্ষ করে তিনি জানান, বিজেপিতেই থাকছেন তিনি। দলের মধ্যে ‘চেয়ারে বসতে না পাওয়া’ থেকে ‘বৈঠকে ডাক না পাওয়া’— একাধিক অভিমানের কথা অকপটে বলেন দিলীপ, যা ঘিরে নতুন করে দলবদলের জল্পনা ছড়ায়। তবে সেই জল্পনায় নিজেই ইতি টেনে দিলীপ ঘোষ স্পষ্ট বলেন, “আমি যে পার্টিকে দাঁড় করিয়েছি, সেই দল ছাড়ব না।”

দিলীপ ঘোষ বলেন, বিজেপির মধ্যে একটি বিশেষ গোষ্ঠী তাঁকে চাপে রাখার চেষ্টা করেছে। মেদিনীপুরের বদলে তাঁকে দুর্গাপুরে পাঠানো হয়েছিল, যা তিনি ‘ভুল সিদ্ধান্ত’ বলে মনে করেন। তৃণমূল বা অন্য কোনও দলে যোগ দেওয়ার সম্ভাবনা তিনি নাকচ করে বলেন, বিজেপিই তাঁর দল, আর তিনি এখানকার ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সদ্ভাব নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ নেই, উনি জনপ্রিয় নেত্রী।”

অন্যদিকে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে তাঁর ভাষ্য, “তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন থাকতেই পারে।” তিনি ইঙ্গিত করেন, সংগঠনে একাংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাঁকে দূরে রাখার চেষ্টা করেছে। তবে তাতে তিনি দমে যাওয়ার নন। দিলীপের কথায়, “আমি অন্যদের মতো দল ছেড়ে পালানোর লোক নই।”

এই মন্তব্যে আবারও স্পষ্ট, বিজেপির অন্দরে শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতপার্থক্য থাকলেও দিলীপ ঘোষ আপাতত কোনও অবস্থাতেই বিজেপি ছাড়ছেন না। বরং নিজের অভিমান আর দুঃখের কথাই তুলে ধরে দলের অন্দরের অন্তর্দ্বন্দ্বকেই জনসমক্ষে আনলেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *