রাজ্যের মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন একাধিক প্রকল্পের শিলান্যাস করলেও তার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ করা হয়নি—এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, “সস্তা রাজনীতির জন্য শুধু ফলক উন্মোচন করা হয়েছিল, কিন্তু প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়নি। ফলে বহু বছর কেটে গেলেও সেই সব প্রকল্প বাস্তবের মুখ দেখেনি।”
দিলীপ ঘোষ আরও বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রেল ও পরিকাঠামো সংক্রান্ত একাধিক প্রকল্প আজও অসম্পূর্ণ। তাঁর কথায়, “মানুষকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ফল ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকেই।”
একইসঙ্গে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকাও তুলে ধরেন। তাঁর দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকার শুধু নতুন প্রকল্প ঘোষণা করছে না, আগের অর্ধসমাপ্ত প্রকল্পগুলির সংস্কার ও সম্পূর্ণ করার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করছে। “ঘোষণা নয়, কাজেই বিশ্বাসী বিজেপি সরকার,”—এভাবেই বার্তা দেন তিনি।
দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে রাজ্য-রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। যদিও শাসকদলের তরফে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখেই এই মন্তব্যে রাজনৈতিক তাপমাত্রা বাড়াতে চাইলেন বিজেপি নেতা।


