বাবুঘাটে গঙ্গাসাগরমুখী পুণ্যার্থীদের জন্য গড়ে ওঠা পরিষেবা শিবিরে এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শিবিরে এসে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য পুণ্যার্থীর সঙ্গে কথা বলেন এবং তাঁদের যাত্রাপথের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন।
দিলীপ ঘোষ জানান, বাবুঘাটের এই শিবিরে ভারত ক্ষত্রিয় সমাজ, সিটিজেন ওয়েলফেয়ার কাউন্সিল, ভৃগৎ নাগরিক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, গঙ্গাসাগর তীর্থ যাত্রী সেবা শিবির, ওম ব্যবসায়িক সংঘসহ একাধিক সামাজিক ও ধর্মীয় সংগঠন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে পরিষেবা দিয়ে আসছে। তাঁর কথায়, গত প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই সংগঠনগুলি পুণ্যার্থীদের জন্য এমন পরিষেবা শিবির পরিচালনা করছে।
এই শিবিরে পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা ও আহারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কনকনে শীত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাও রাখা হয়েছে। শিবিরে চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও রয়েছে, যাতে কোনও অসুস্থতা দেখা দিলে দ্রুত সাহায্য পাওয়া যায়।
দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা গঙ্গাসাগরমুখী পুণ্যার্থীরা সাধারণত এক বা দু’দিন বাবুঘাটের এই শিবিরে বিশ্রাম নিয়ে তারপর পবিত্র গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেন বলে জানান দিলীপ ঘোষ।


