বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত সরুলিয়া তেল মিল সংলগ্ন জাতীয় সড়কে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয় সাজ্জাদ আলী (৪০) নামে এক ব্যক্তির।
পরিবার সূত্রে জানা গেছে, সাজ্জাদ আলী পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তিনি মির্জাপুরে মার্বেল টালি বসানোর কাজে যান। কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি ডাম্পার ট্রাক তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাম্পারটি কলকাতার দিকেই যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। মৃতের পরিবার অত্যন্ত আর্থিকভাবে দুর্বল, তাঁর একমাত্র ১০ বছরের পুত্র রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই বেলডাঙা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ পাঠায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে।


