গোসাবার দ্বীপভূমিতে বুথ বিজয় অভিযান, তৃণমূলের ‘রাজনৈতিক সন্ত্রাসে’ ক্ষুব্ধ জনতা: দিলীপ ঘোষ

Spread the love

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা নদীঘেরা দ্বীপাঞ্চলে আজ অনুষ্ঠিত হল বিজেপির বুথ বিজয় অভিযান। গোসাবা ১ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শুধু ওই মণ্ডল নয়, অন্যান্য মণ্ডলের সভাপতিরাও উপস্থিত ছিলেন। বুথ, মণ্ডল ও জেলা স্তরের অসংখ্য কার্যকর্তার জমায়েতে সরগরম হয়ে ওঠে গোসাবার কেন্দ্রস্থল—নদীর ওপারে অবস্থিত দলীয় কার্যালয় চত্বর।
এই কর্মসূচির ছবি ও বার্তা সমাজমাধ্যমে শেয়ার করে বিজেপি নেতা দিলীপ ঘোষ গোসাবা ও দক্ষিণ ২৪ পরগনার বাস্তব চিত্র তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই অঞ্চলে আজও যোগাযোগের মারাত্মক সমস্যা রয়েছে, বহু জায়গায় প্রাথমিক পরিকাঠামোর ঘাটতি চোখে পড়ার মতো। নদী পারাপার, যাতায়াত—সব ক্ষেত্রেই ভোগান্তি নিত্যসঙ্গী। কেন্দ্রীয় সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নবিরোধী মানসিকতার’ কারণে সেই সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি বলেই অভিযোগ।
দিলীপ ঘোষের দাবি, দীর্ঘদিন ধরেই গোসাবা ও দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের ‘রাজনৈতিক সন্ত্রাসের’ কবলে। অত্যাচার ও ভয়ভীতির রাজনীতিতে মানুষ আজ ক্লান্ত, ক্ষুব্ধ। সেই ক্ষোভই এবার বদলের বার্তা দিচ্ছে। তাঁর মতে, তৃণমূলের কবল থেকে মুক্তি পেতেই মানুষ ঐক্যবদ্ধভাবে বিজেপির দিকে ঝুঁকছে। আসন্ন নির্বাচনে গোসাবা-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এই পরিবর্তনের হাওয়া আরও জোরালো হবে বলেই আশাবাদী বিজেপি নেতৃত্ব।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *