জিএসটি বোনাসে চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্সে ঝড়, নিফটিও ঊর্ধ্বমুখী

Spread the love

কেন্দ্রের নেক্সট জেনারেশন জিএসটি কাঠামো ঘোষণার পরই দালাল স্ট্রিটে যেন নতুন উচ্ছ্বাস। বৃহস্পতিবার বাজার খোলার পর থেকেই ঝড়ের গতিতে বাড়তে শুরু করে শেয়ার সূচক। বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই সেনসেক্স ৭০০ পয়েন্ট লাফিয়ে ঐতিহাসিক ৮১ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলে। একইসঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ১৫৬ পয়েন্ট বেড়ে ২৪,৮৭০-এর আশপাশে ঘোরাফেরা করছে।

শুধু সূচকই নয়, ১৬টি গুরুত্বপূর্ণ সেক্টরের অধিকাংশই এদিন লাভে রয়েছে। কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে শেয়ার বাজারে ভয়ানক ধস নেমেছিল। বাজার থেকে প্রায় ১০ লক্ষ কোটি টাকার পুঁজি উধাও হয়ে যায়। কিন্তু নতুন জিএসটি কাঠামো বিনিয়োগকারীদের সেই ক্ষতি অনেকটা পুষিয়ে দেওয়ার আভাস দিয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর একাধিক বড় সিদ্ধান্ত ঘোষণা করেন। মূলত মধ্যবিত্ত ও কৃষি ক্ষেত্রের কথা ভেবেই কর কাঠামোয় এই বড় বদল আনা হয়েছে। জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধে জিএসটি শূন্য করা হয়েছে। একইসঙ্গে রুটি, দুধ, পনিরের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে আর কোনও জিএসটি থাকবে না।

অনুমান করা হচ্ছে, নতুন কাঠামোয় প্রায় ১৭৫টি জিনিসের দাম কমবে। তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, বিস্কুট, পাস্তা থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, শেভিং ক্রিম, ব্রাশ, ট্র্যাক্টর, কীটনাশক, সেলাই মেশিন—সবেতেই জিএসটি কমে দাঁড়াচ্ছে ৫ শতাংশে। চিকিৎসাক্ষেত্রের একাধিক পণ্য যেমন থার্মোমিটার, অক্সিজেন, টেস্ট কিট, চশমা ইত্যাদিতেও একই হারে কর নেমে আসছে।

ওয়াকিবহাল মহলের মতে, মোদি সরকারের লক্ষ্য স্পষ্ট—আমেরিকার শুল্কবোমার ধাক্কা সামাল দিতে দেশের অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো। দাম কমলে মধ্যবিত্তের সঞ্চয় বাড়বে, ফলে তারা শেয়ার বাজারেও বিনিয়োগ করতে পারবেন। প্রথম দিনেই সেই সম্ভাবনার প্রতিফলন দেখা গেল দালাল স্ট্রিটে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *