BUNNY • ৩ নম্ভেম্বর ২০২৫
স্বপ্নের মায়ানগরী। মুম্বই। এই মুম্বইয়ে মেয়েদের জয়জয়কার। ঘরোয়া কোনও কাপ নয়, বিশ্বকাপ। বিশ্বজয়। দুনিয়া হিলা দেঙ্গে নয়, দুনিয়া হিলা দিয়া…নাদিন ডি ক্লার্কের ক্যাচ নিয়ে হরমনপ্রীতের ছুট। ডি ওয়াই পাটিলের বাউন্ডারি যেন আটকাতে পারবে না এই ‘হ্যারি’কেন ঝড়। ২ নভেম্বর, ঘড়ির কাঁটা ১২টা পেরিয়েছে, তৃতীয়বার বিশ্বকাপ জিতল ভারত। এই প্রথম এল মেয়েদের হাত ধরে। টসে হেরে প্রথমে ব্যাটিং। ২৯৮ রান করেন ভারতের মেয়েরা। খুব ভালো ব্যাট সেভাবে কারও চলেনি। যে বোলিং গোটা বিশ্বকাপে ভারতের দুর্বলতা হয়ে উঠেছিল, সেই বোলাররা বিশ্বকাপ জয়ের মূল কারিগর হয়ে উঠলেন ফাইনালের ম্যাচে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস লিখলেন ভারতের উইমেন ইন ব্লু-রা।
হরমনপ্রীত পারলেন। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির মতো পারলেন ভারতকে আরও একটা ওডিআই বিশ্বকাপ এনে দিতে। হয়তো এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তার আগে জীবনের সেরাটা তিনি দিতে গেলেন ভারতকে।


