ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেইকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা চরমে। এবার তাঁর মাথার দাম ঘোষণা করল আমেরিকা। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, মোজতবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে দেওয়া হবে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯২.৪৭ কোটি টাকা।
শুক্রবার মার্কিন বিদেশ দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রামের মাধ্যমে মোজতবা খামেনেই-সহ একাধিক ইরানি কর্মকর্তার ছবি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত। তাঁদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
মোজতবার পাশাপাশি তালিকায় রয়েছে ইরানের সুপ্রিম লিডারের কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলি আসগর হেজাজি এবং ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির নাম। ফলে স্পষ্ট, ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুকেই এবার সরাসরি নিশানা করছে আমেরিকা।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই ইরানের উপর আরও বড় সামরিক হামলা চালানো হতে পারে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

একইসঙ্গে কড়া বার্তা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। তাঁর দাবি, মোজতবা খামেনেইকে কোনওভাবেই রেয়াত করা হবে না। তাঁকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পুতুল বলে কটাক্ষ করেন নেতানিয়াহু। পাশাপাশি ইরানের বর্তমান শাসনব্যবস্থা ভেঙে ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়তে থাকা এই উত্তেজনার জেরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে।


