দিঘা থেকে নৈহাটি—দুই তীরের সংযোগ ঘটল দেবী আরাধনায়। সোমবার সন্ধ্যায় দিঘার জগন্নাথ মন্দিরে বিমলা দেবীর পুজোর পর ভার্চুয়ালি বড়মাকে অর্পণ করা হয় জগন্নাথের প্রসাদ। ঐতিহ্য মেনে সেই মুহূর্তেই প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ।
এই বিরল আচার মেনেই রাত ১২টায় শুরু হয় নৈহাটির বড়মার ১০২ তম বর্ষের পুজো। হাজারো ভক্তে উপচে পড়ে অরবিন্দ রোড ও স্টেশন রোড এলাকা। রাত আড়াইটে নাগাদ অঞ্জলি দিতে ভিড় হয় রাস্তাজুড়ে। আগেই মোতায়েন ছিল এক হাজার পুলিশ ও স্বেচ্ছাসেবক।
বড় কালী পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল পর্যন্ত দণ্ডী সংখ্যাটা ছাড়িয়েছে আড়াই লক্ষ। অনলাইনে পুজোর আবেদন এসেছে প্রায় এক লক্ষ। রাজ্যের বাইরেও বহু ভক্ত যুক্ত হয়েছেন এই ভার্চুয়াল পুজোয়।
কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস বলেন, “জগন্নাথ দেবের প্রসাদ বিমলাদেবীকে অর্পণ করার পরই মহাপ্রসাদ হয়। তাই সেই প্রসাদই কালীপুজোর রাতে বড়মাকে উৎসর্গ করা হয়। ভক্তরা দুই দেবীর আশীর্বাদ একসঙ্গে পেয়েছেন।”


