দেশের ৫৩তম প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত

Spread the love

ভারতের সর্বোচ্চ আদালতের নতুন প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু তাঁর নিয়োগপত্রে সই করেন। বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই ২৩ নভেম্বর অবসর নেবেন, এরপর ২৪ নভেম্বর থেকে দায়িত্ব নেবেন সূর্য কান্ত।

এই খবর নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি এক্স-এ লেখেন, “সংবিধান অনুযায়ী প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি বিচারপতি সূর্য কান্তকে ২৪ নভেম্বর, ২০২৫ থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন।”

দীর্ঘ বিচারিক জীবনে বিচারপতি সূর্য কান্ত বহু ঐতিহাসিক রায় দিয়েছেন। তাঁর নেতৃত্বাধীন বেঞ্চেই বাতিল হয়েছিল রাষ্ট্রদ্রোহ আইন (আইপিসি ১২৪এ ধারা)। তিনি ছিলেন সেই সাংবিধানিক বেঞ্চেরও সদস্য, যা কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে বৈধ বলে ঘোষণা করেছিল।

আইনবিশ্বে সুবিচার, যুক্তি ও সংবিধানের শাসনে বিশ্বাসী বিচারপতি সূর্য কান্তের মেয়াদ থাকবে প্রায় এক বছর দুই মাস। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণতম বিচারপতি। তাঁর নেতৃত্বে দেশের বিচারব্যবস্থায় নতুন দিশা আসবে বলেই আশা আইনমহলের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *